ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে থাইল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টানা দুই হারে শেষ হয়ে গেছে মূল পর্বে খেলার আশা। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।

শনিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৩তম মিনিট ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তারা দুটি গোল হজম করে। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে আরেক গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা।
থাইল্যান্ডের চোনবুরিতে অনুষ্ঠিত এই আসরে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু জয় তো দূরের কথা, উল্টো বাজেভাবে হেরে শেষ হলো যুবাদের মিশন। শেষ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।
এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং চার সেরা রানার্স-আপ দল মূলপর্বে খেলবে। বাংলাদেশের গ্রুপে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে প্রথম দুই স্থানে আছে থাইল্যান্ড ও মালয়েশিয়া। ফলে পরের ম্যাচে বাংলাদেশ ফিলিপাইনকে হারালেও গ্রুপ রানার্স-আপ হতে পারবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments