ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় চোটে পড়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পান ফিজ। সেই চোটেই আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি পেসার।
এই সিরিজে মোস্তাফিজকে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার (২৬ মে) লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মোস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেওয়া।
মোস্তাফিজের সঙ্গে পাকিস্তান সিরিজে নেই তাসকিন আহমেদও। তাই পেস ইউনিটের ব্যালেন্স কিছুটা কম বলে মনে করছেন সিমন্স। তিনি বলেন, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মোস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়তো পুরোপুরি ব্যালেন্সটা নেই।
আগামী ২৮ মে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে এই দু’দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments