
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আকবর আলীর দল। তাই পারফম্যান্সের ধারাবাহিকতায় অনন্য অর্জনের পথে ইয়াং টাইগার্সরা।
বিশ্বকাপ মাতিয়ে চলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি হঠাৎ করেই সফল হওয়া কোনও দল না। বিশ্বকাপে তৌহিদ হৃদয়রা আন্ডারডগ হয়ে আসেনি। বরং হট ফেভারিট হয়েই আইসিসির এই মেগা আসরে পদার্পণ করেছেন।
২০১৯ সালে সর্বাধিক ওয়ানডে জয়ী অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করেছে এই দলটি। এমনকি খেলেছে এশিয়া কাপের ফাইনালও। তবে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস যোগাবে তাদের বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতি।
গেল বছর নিউজিল্যান্ডেরই মাটিতে কিউই যুবাদের হারিয়েছে বাংলাদেশের যুবারা। ৫ ম্যাচ সিরিজ অল্পের জন্য হোয়াইটওয়াশ হয়নি নিউজিল্যান্ড। আকবর আলীর দল সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।
সেই সিরিজে রান সংগ্রাহক ও উইকেট শিকারির তালিকায় বাংলাদেশের জয়জয়কার। সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তানজিদ হাসান তামিম। বিশ্বকাপে তানজিদ বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন। আছেন রান সংগ্রাহকের তালিকায় ১৬ নম্বরে।
১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শরিফুল। কিউই বধে শরিফুলের আরও একবার জ্বলে ওঠার প্রত্যাশা।
তবে সবাইকে ছাপিয়ে প্রতিপক্ষ দল নিশ্চয়ই বিশেষ ছক কষবে রাকিবুল হাসানকে ঘিরে। বিশ্বকাপে শেষ ২ ম্যাচের জয়ের নায়ক রাকিবুল। তার ঘূর্ণি জাদুতেই লাল সবুজের দল যুব বিশ্বকাপের শেষ চারে। উইকেটশিকারির তালিকায় সেরা দশে আছেন এই বাহাতি স্পিনার।
এর আগে একবারই যুব বিশ্বকাপের সেমিফাইনাল খেলে বাংলাদেশ। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের দল শেষ চারে উঠে। এবার নতুন মাইলফলক ছোঁয়ার প্রত্যয় বাংলার যুবাদের।
প্রথমবারের মতো ফাইনালে যেতে পারলে অনন্য এক ইতিহাস গড়বে আকবর আলীর দল।
























Recent Comments