ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ির নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সিনে জগত দাপিয়ে বেড়াচ্ছেন এ অভিনেতা।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজার ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ অভিনেতা জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘ফ্যামিলি ম্যান’খ্যাত তৃতীয় সিজনের কাজ শেষ করার পর নতুন এ সিনেমা নিয়ে দর্শকদের কাছে হাজির হচ্ছেন। এ সিনেমাটি পরিবেশনা করছে দক্ষিণী ভারতীয় তারকা রানা দাগ্গুবাতির প্রযোজনা সংস্থা ‘স্পিরিট মিডিয়া’। ‘সালাম বোম্বে’ ও ‘দ্য নেমসেক’খ্যাত সুনি তারাপোরওয়ালার চিত্রনাট্যে সংলাপ লিখেছেন ‘পিকু’ ও ‘অক্টোবর’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। এ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় তামিল সিনেমা ‘৯৬’খ্যাত সংগীত পরিচালক গোবিন্দ বসন্ত। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুকারজয়ী প্রখ্যাত ভারতীয় লেখক অরবিন্দ আদিগার একই নামের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ সিনেমাটি। বেন রেখি পরিচালিত এ সিনেমায় মনোজ বাজপেয়ির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত প্রমুখ।
‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে ‘মাস্টারজি’ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কেন্দ্র করে। আবাসন সংকট ও জীবন পরিবর্তনের প্রলোভনে যখন তার চারপাশের মানুষ নিজস্ব সিদ্ধান্ত বদলে ফেলে, ঠিক তখনই তিনি একাই নিজের নীতিতে অটল থাকেন। এতে ব্যক্তিগত নীতি আর পরিস্থিতির প্রলোভনের দ্বন্দ্বে সাধারণ মানুষের সম্পর্কের টানাপোড়েন ও কঠিন সিদ্ধান্ত নেওয়ার গল্প তুলে ধরা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments