ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেরদৌস আহমেদ। তারকা অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘মাইক’ ও ‘১৯৭১ সেইসব দিন’। দুই সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে এ অভিনেতার সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।

পরপর দুই সপ্তাহে আপনার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। কেমন লাগছে?
এটি খুবই আনন্দের বিষয়। দর্শক আগ্রহ নিয়ে ‘মাইক’ ও ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা দেখছেন। দুটি সিনেমাই অনুদানের। আমাদের অনেকের ধারণা ছিল অনুদানের সিনেমা চলে না। সে ধারণাকে ভুল প্রমাণ করেছে সিনেমা দুটি।
দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন নিশ্চয়ই– প্রথম দিনের প্রথম শোই দেখা হয়েছে। হলে হলে গিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখে আবেগে আপ্লুত হয়েছি। ‘মাইক’ সিনেমা দেখতে বিভিন্ন স্কুল থেকে ছেলেমেয়ে দলে দলে হলে এসেছে। শিশুতোষ সিনেমা দর্শক দেখেন কম; এমন ধারণা প্রচলিত। কিন্তু ‘মাইক’ দেখতে দর্শকের ঢল নেমেছে। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা দেখতে গিয়ে একজন মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে। তিনি বললেন, সিনেমাটি দেখে আবার মুক্তিযুদ্ধে ফিরে গেছেন। এ অনুভূতি অসাধারণ। মুক্তিযুদ্ধের সিনেমায় সাধারণত বাঙালির নিপীড়ন দেখানো হয়। একসঙ্গে তাদের যে জৌলুস ছিল তা কখনও কোনো মুক্তিযুদ্ধের সিনেমায় সেভাবে আনা হয়নি। হৃদির সিনেমায় বিষয়টি ফুটে উঠেছে।
দেশে শিশুতোষ সিনেমা নির্মাণ কমের কারণ কী?
শিশুদের জন্য সিনেমা নির্মাণে ভালো গল্প দরকার। কিন্তু আমরা তা পাচ্ছি না। আবার অভিভাবকরা শিশুদের পড়াশোনায় ব্যস্ত রাখতে চান। ফলে নতুন শিশুশিল্পী কম তৈরি হচ্ছে। হাতে গোনা যেসব শিশুশিল্পী রয়েছে তাদের যথাযথ কাজে লাগানো হচ্ছে না। আমরা শিশুদের গল্প যেভাবে পড়ি, সেভাবে পর্দায় দেখতে পাই না।
ঋতুপর্ণা আপনার ভালো বন্ধু। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। দেখা হয়েছে?
ঋতুপর্ণা ঢাকায় এলে আমার সঙ্গে দেখা হবে না, তা ভাবাই যায় না। এবার একসঙ্গে ডিনার করেছি। কলকাতা যাওয়ার আগে বাসায় এসেছিল। সে তো পারিবারিক বন্ধু। অভিনয়জীবনের বাইরেও আমাদের একটি বন্ধন রয়েছে। আমি যখন কলকাতায় যাই তখনও ওর সঙ্গে দেখা করি। সবকিছু মিলিয়ে আমাদের সুন্দর সম্পর্ক।
হাতে থাকা সিনেমার কী অবস্থা?
‘দখিন দুয়ার’, ‘আহা রে জীবন’, ‘গাঙচিল’, ‘সুজন মাঝি’ সিনেমার কাজ প্রায়ই শেষ। শিগগিরই শুরু হবে ডাবিং।
শোনা যাচ্ছে, আপনি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন…
আমি একটি বড় দলের হয়ে কাজ করছি দীর্ঘদিন। এটি অনেকেই জানেন। আমাদের দলের নেত্রী যদি নির্বাচনে আমাকে মনোনয়ন দেন, অবশ্যই প্রার্থী হবো। যদি দলের হয়ে কাজ করতে বলেন তাই করব। আওয়ামী লীগে এসেছি প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে। তাঁর হাত শক্তিশালী করতে চাই। শুধু পর্দায় নয়, মাঠেও নায়ক হতে চাই!
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments