ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রাজধানীর বুকে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে প্রকাশ্যে হত্যা করা হয়েছে—এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র, সমাজ ও মানবতার মুখে চরম চপেটাঘাত।
মো. সোহাগ—একজন সাধারণ ব্যবসায়ী, যিনি নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কোনো রাজনীতির খেলায় ছিলেন না, ছিলেন না কোনো অপরাধচক্রের অংশ। অথচ চাঁদা না দেওয়ায় তার প্রাণ নিতে এক মুহূর্তও দেরি করল না কিছু ক্ষমতালোভী দানব! তাদের হিংস্রতার মাত্রা এতটাই অমানবিক ছিল যে, তার পরনের পোশাক খুলে নিয়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করল, যেন তিনি মানুষ নন—কেবল একটি প্রতিবন্ধক!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও শুধুমাত্র আমাদের ঘৃণিত বাস্তবতা তুলে ধরে না—এটি আমাদের রাষ্ট্রের, আমাদের বিচারব্যবস্থার, এবং আমাদের নির্লজ্জ রাজনৈতিক সংস্কৃতির নগ্ন প্রতিচ্ছবি।
দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি চালায়, ফুটপাত দখল করে রাখে, হাসপাতালের চাকরির নামে ঘুষ খায়—তাদের আর কতবার মানুষের রক্তে হাত রাঙাতে দেবো আমরা? আর কত সোহাগ এভাবে মরবে, আর আমরা সবাই “ভয়ে এগিয়ে যেতে পারিনি” বলেই দায় এড়িয়ে যাব?
এ দেশের রাজনীতি যদি একজন খুনিকে রক্ষা করে, যদি একটি মায়ের বুক খালি করে দেওয়া হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তির পরিচয় ‘যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী’ বলেই ধুলায় চাপা পড়ে যায়—তাহলে সে রাজনীতি অভিশাপ, গণতন্ত্র নয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/হৃদয়.
































Recent Comments