ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যখন এমডি সংকটে ভুগছিল তখন উপায়ন্তুর না পেয়ে হঠাৎ করেই স্টক এক্সচেঞ্জটির শীর্ষ নিবার্হীর পদে নিয়োগ পান কাজী সানাউল হক। চলতি বছরের ২২ জানুয়ারি কমিশনের ৭৫০তম সভায় ৩ বছরের জন্য এমডি হিসেবে অনুমোদন পাওয়া কাজী সানাউল হক ৯ মাস যেতে না যেতেই হঠাৎ করেই আবার পদত্যাগ করে বসলেন।

ডিএসই’র যে বোর্ড তড়িঘড়ি করে সানাউল হককে এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সেই বোর্ডই আজ কোন প্রতিক্রিয়া ছাড়াই তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাই ডিএসই’র এমডির পদত্যাগের বিষয়টি অনেক রহস্যের জন্ম দিয়েছে।
এ ব্যাপারে ডিএসই’র একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করলে তারা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, মূলত ডিএসইতে আন্তর্জাতিক মানের অর্থাৎ বিদেশি এমডি নিয়োগের জন্য এই পদত্যাগ নাটক সাজানো হয়েছে। ডিএসই’র স্ট্রাটেজিক পার্টনার চীনের চাপে ও ডিএসইকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে তুলে ধরতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে। এছাড়া ডিএসই’র কর্মকর্তার ভেতরে এমডির সঙ্গে বেতন-ভাতার অনেক তারতম্য থাকায় অসন্তোষের শিকার হয়েও পদত্যাগ করেছেন কাজী সানাউল হক। তবে পদত্যাগ করার পর কাজী সানাউল হকের সঙ্গে এ বিষয়ে জানার জন্য অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি


































Recent Comments