ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শত ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সহকর্মী পারভেজ কাজির পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। শুটিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সালমানের ‘বডি ডাবল’ পারভেজ। এই কঠিন সময়ে পারভেজের চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন সালমান—এমনটাই জানিয়েছেন পারভেজের ম্যানেজার।
সম্প্রতি একটি অ্যাকশন সিনেমার শুটিং চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন পারভেজ। সালমানের বডি ডাবল হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তাঁর চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন সালমান। শুধু তাই নয়, হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখাও করছেন অভিনেতা। পারভেজ যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান, সেটিও নিশ্চিত করছেন তিনি।
পারভেজের ম্যানেজারের ভাষ্য, ‘বডি ডাবল হলে কী হবে, সালমান বরাবর পারভেজকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখেন। তাই হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কথা শুনেই চিকিৎসার যাবতীয় খরচ তিনিই জুগিয়েছেন।’
ম্যানেজার আরও জানান, ঘটনার দিন থেকে পারভেজের পরিবারের পাশে রয়েছেন সালমান। তার চিকিৎসায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছেন অভিনেতা।
এদিকে পারভেজ অসুস্থ হয়ে পড়ায় সিনেমাটির অ্যাকশন দৃশ্য নিয়েও তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। বডি ডাবল না থাকায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে এবার নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ফলে শুটিং যাতে থমকে না যায়, সেদিকেও নজর রাখছেন তিনি।
বর্তমানে নয়নতারার সঙ্গে একটি নতুন অ্যাকশন সিনেমায় কাজ করছেন সালমান খান। তেলেগু প্রযোজক দিল রাজুর প্রযোজনায় নির্মিত সিনেমাটির নাম ‘মনস্টার’। সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা কার্তিক সুব্বারাজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments