
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রবিবার (২০ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইবু্যনাল-২-এর বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন :ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।
গতকাল রবিবার এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী আদালতে হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য রেখেছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শিল্পী সাংবাদিকদের এ তথ্য জানান।
বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। ঐ ঘটনায় নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আসামি। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৩ সাল থেকে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ আসে। ২০১৫ সালে হাইকোর্ট ঐ স্থগিতাদেশ প্রত্যাহার করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments