ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্য, সড়ক, নৌপরিবহন, পানি সম্পদ, বিদ্যুৎ ও স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতের ১১টি প্রকল্প নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে নতুন ও সংশোধিত—দুই ধরনের প্রকল্পই রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে সভাটি শুরু হয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকে উপস্থাপিত ১১টি প্রকল্প বাস্তবায়নে মোট ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। একটি প্রকল্পে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থও ব্যয় করা হবে।
সভায় ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।
নৌপরিবহন খাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প রয়েছে। এ ছাড়া গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ এবং সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণের প্রকল্পও রয়েছে তালিকায়।
তুরাগ নদী ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড সংরক্ষণ, প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা বাড়ানো, জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ডেসকো এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের সংশোধিত প্রকল্পও সভায় উপস্থাপন করা হয়েছে।
একনেক সভায় প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয়, অর্থায়নের ধরন ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করা হবে। এরপর প্রকল্পগুলো অনুমোদন বা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments