ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তার পদত্যাগের ফলে বিপদে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা। সেই সাথে প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর থেকেই হদিস পাওয়া যাচ্ছে না বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের।

বিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি বড় অংশই ছিল আওয়ামী লীগের। ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনও ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী। এছাড়া পরিচালকদের মধ্যে শফিউর রহমান নাদেল ছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য এবং নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য। আ জ ম নাসির উদ্দীন ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র। তারা সবাই এখন প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর গা ঢাকা দিয়েছেন।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাসায় আগুন দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পুড়িয়ে দেওয়া হয়েছে মাশরাফির বাড়িও। এছাড়া আগুন দেওয়া হয়েছে পাপনের ভৈরবের বাড়িতেও। যদিও নাজমুল হাসান পাপন সেই সময় ভৈরবে ছিলেন না।
বিসিবির কেউ কেউ বলছেন পাপন দেশ ছেড়েছেন। আবার কারও কারও দাবি তিনি দেশেই আছেন, তবে নিরাপত্তার জন্য আপাতত গা ঢাকা দিয়েছেন।বিসিবিতে আবারও তিনি আসবেন কিনা, সেই প্রশ্নের উত্তরও নেই তাদের কাছে। তাদের মতে, বিসিবিপ্রধান ধরে নিয়েছেন তার সময় শেষ।
তবে সমস্যা হলো চাইলেও জোর করে পাপনকে তার পদ থেকে সরানো যাবে না। কেননা বিসিবিতে পাপনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। তার আগে জোরপূর্বক তাকে সরিয়ে দেওয়া কোনো সুযোগ নেই। আর সরনো হলে বাংলাদেশ ক্রিকেটের ওপর আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। কেননা ক্রিকেট বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির হস্তক্ষেপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments