ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমেরিকার বিনোদন কেন্দ্র হলিউড এখন গভীর সংকটে। বড় বড় মার্কিন প্রজেক্টগুলো কানাডাসহ অন্যান্য দেশে সরে যাচ্ছে। ফলে আমেরিকা হারাচ্ছে বিনোদন খাতের অজস্র কর্মসংস্থান।
তাই দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এবং কর্মসংস্থান ফেরাতে বড় অঙ্কের ‘ফেডারেল ফিল্ম ট্যাক্স ইনসেনটিভ’ বা কর ছাড়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক দীর্ঘ বার্তায় ট্রাম্প জানান, কিংবদন্তি প্রবীণ অভিনেতা ও হলিউড অ্যাম্বাসেডর জন ভয়েটের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।
হলিউডের বর্তমান করুণ দশা তুলে ধরে ট্রাম্প লেখেন, ‘সিনেমা জগতের কিংবদন্তি এবং আমাদের বিশেষ প্রতিনিধি জন ভয়টের সঙ্গে চমৎকার একটি বৈঠক হলো। উনি আমাদের দেশকে ভীষণ ভালোবাসেন। মার্কিন সিনেমা ও টেলিভিশন শিল্পের বর্তমান অবস্থা দেখে উনি অত্যন্ত মর্মাহত।’
তিনি আরও লেখেন, ‘আমাদের বিনোদন ব্যবসা এখন পুরোপুরি নষ্ট হতে বসেছে। সব কাজ এখন কানাডা ও অন্যান্য দেশে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আর তেমন কোনো কাজ হচ্ছে না। হলিউডের অবস্থা এখন খুবই করুণ। নাম ছাড়া সেখানে আর কিছু অবশিষ্ট নেই। কোনো অর্থনৈতিক সুযোগ না থাকায় ক্যালিফোর্নিয়ার অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
আমেরিকান পর্দায় যা কিছু দেখা যায়, তা যেন আমেরিকার মাটিতেই তৈরি হয়— এই লক্ষ্য নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলকে অবিলম্বে এক হয়ে কংগ্রেসে একটি বিশেষ আইন পাস করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
অনেকে ফেডারেল বাজেটে বিশাল ছাড় নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্পের দাবি, এই ট্যাক্স ইনসেনটিভের ফলে শুরুতে খরচ হলেও তা যুক্তরাষ্ট্রে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান তৈরি করবে। ফলস্বরূপ, মার্কিন সরকারি কোষাগারে হৃত কর রাজস্বের চেয়ে ১০ গুণ বেশি অর্থ ফেরত আসবে।
আমেরিকার সিনেমা খাতকে আবার সমৃদ্ধ করতে এই উদ্যোগ বাস্তবায়নে শিগগিরই কংগ্রেসের উভয় দলের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments