ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। বিষয়টি সব গ্রাহককে স্পষ্টভাবে জানাতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ২০২৫ ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর সুযোগ দিতে ১ সেপ্টেম্বর থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করা হচ্ছে।
এর আওতায় ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। চলমান স্কিমে থাকা নির্ধারিত বিধিনিষেধের বাইরে গিয়েও এই অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।
নতুন সুবিধা চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করতেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।
এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রীও ঘোষণা করেছিলেন, আমানতকারীদের মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না। এরপরও গ্রাহকদের একটি অংশের মধ্যে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ছিল।
এ অবস্থায় গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, কোনো আমানতকারীর মুনাফা কাটা হবে না-এ তথ্য দ্রুত ও স্পষ্টভাবে সব গ্রাহককে জানাতে হবে।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকটিকে দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ব্যাংকটির সব ধরনের স্বাভাবিক কার্যক্রম দ্রুততম সময়ে চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. কবির আহাম্মদ, সরোয়ার হোসেন ও আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments