ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হামলাটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আনাদোলুর।
মঙ্গলবার (৫ আগস্ট) ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই হামলার খবর নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। হামলার পরপরই সতর্কতা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, যেসব এলাকায় সাইরেন বাজানো হয়েছিল, সেসব অঞ্চলের বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার এক টেলিভিশন ভাষণে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের তিনটি সামরিক অবস্থানে তারা ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা সিয়োনি শত্রুদের বিরুদ্ধে তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছি।
এ হামলার পরপরই গাজার নিকটবর্তী বন এলাকা নেটজারিম ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুই ড্রোনের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব কর্তৃপক্ষ।
ইসরায়েল ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments