ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল ইতিহাসের সেই চিরচেনা দৃশ্য-জাদুকরী এক ফ্রি-কিকে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
রোববার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরুতে একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৬০তম মিনিটে লাউতারো মার্টিনেজের পরিবর্তে তাকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই নিজের উপস্থিতির জানান দেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত এক শটে জর্ডানের জালে বল জড়িয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। সেই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জাইরজিনহো। জর্ডানের বিপক্ষে গোল করে সেই সাত দশকের পুরোনো রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষস্থান দখল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। গোলদাতা জিওভানি লো সেলসো, নিকো পাজ এবং লাউতারো মার্টিনেজকে তুলে মাঠে নামানো হয় থিয়াগো আলমাদা, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিওনেল মেসিকে।
তবে সব আলো কেড়ে নেন বদলি হিসেবে নামা মেসিই। ফ্রি-কিক থেকে তার নিখুঁত গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। একই সঙ্গে ইতিহাসের পাতায় আরও একটি অবিস্মরণীয় অধ্যায় যোগ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
মেসির এই গোল শুধু আর্জেন্টিনার জয়ই নিশ্চিত করেনি, বিশ্বকাপ ইতিহাসে তাকে এনে দিয়েছে একক ও অনন্য এক বিশ্বরেকর্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments