ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির জেবেল আলি শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটে সাতটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (০৫ আগস্ট) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অঞ্চলটির রাতের আকাশ ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গেছে। আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
ইরাকি কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আমিরাতের গণমাধ্যম এ বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
এদিকে, নাসার চিত্র থেকে জানা গেছে, বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি স্থাপনায় আগুন লেগেছে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি আবাসিক এলাকার কাছে রাতের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত চলাকালে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারণ, এ অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর তেহরান নিয়মিত প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments