ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভূরাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি চালু হওয়া নিয়ে কূটনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে।
গত সপ্তাহে ওমান ও ইরানের কূটনৈতিক আলোচনার সূত্র ধরে হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৭ শতাংশের বেশি কমে গিয়েছিল। তবে পরবর্তীতে ইরান জানায়, মধ্যস্থতা ইতিবাচক দিকে এগোলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।
ইরানের এই অবস্থানের পর বাজারে আবারও সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বিশ্বের মোট খনিজ তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments