ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশব্যাপী বাংলা কিউআর-এর ব্যবহার জনপ্রিয় করতে ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ক্যাম্পেইনে ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধকারী ৫০ জন গ্রাহক ও ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসলামী ব্যাংকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম। বাংলা কিউআর ও কিউআরভিত্তিক সিকিউরড স্টেটমেন্ট বিষয়ে আলোচনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া জোন ও শাখাপ্রধান এবং উপশাখার ইনচার্জরা জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি নতুন সংযোজন। এটি দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করার গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করছে। একই সঙ্গে প্রবাসীরা যাতে দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে রেমিট্যান্স পাঠাতে পারেন, সে বিষয়েও ব্যাংক কাজ করছে।
বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। এতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে এবং ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদ জহির হোসেন বাংলা কিউআরকে শুধু প্রযুক্তিনির্ভর সেবা হিসেবে না দেখে আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ অধিকসংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআর ব্যবহারে ব্যাংকের সব জোন, শাখা, উপশাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং মার্চেন্ট ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments