ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি রোধে ডিলারদের নিয়ম মেনে সার উত্তোলন, মজুত ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে সার উত্তোলন করতে হবে এবং গুদামে প্রয়োজনীয় মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সার আসার তথ্য উপজেলা কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। বিক্রির সব তথ্য নিয়মিত নিবন্ধনে সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে কি না, তা ঠেকাতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। এ ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে সেই দায় যেন ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া সার সরবরাহ ও বিক্রয়সংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে স্থানীয় কৃষি অফিস এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments