ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হচ্ছে। বেলা ৩টায় অধিবেশন বসবে। এবারের অধিবেশনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিফ হুইপ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সংসদীয় কমিটির সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি জানান, এবারের অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন দেখা দিলে অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে।
নূরুল ইসলাম বলেন, তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষাসংক্রান্ত বিল উল্লেখযোগ্য।
চিফ হুইপ আরও জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিএনপি থেকে সাতজন এবং জামায়াত থেকে পাঁচজন সদস্য রাখা হতে পারে। এ ছাড়া ছোট রাজনৈতিক দলগুলো থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল তাদের সদস্যদের নাম দিলে তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
অধিবেশন চলাকালে সবাইকে নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
নূরুল ইসলাম মনি আশা প্রকাশ করেন, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে জাতীয় সংসদ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


































Recent Comments