ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অবৈধ অস্ত্র এবং বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের জন্য বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র কোথাও মজুত করা হয়েছে কিংবা কারও কাছে রয়েছে- এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে তথ্যদাতাকে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার চাহিদার বিষয়েও তারা মন্ত্রীর কাছে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, সরঞ্জাম ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে সরকার কাজ করছে।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments