ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) টার্মিনাল পরিচালনার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়েছে।
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোয়। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রক্রিয়াটি দর-কষাকষির পর্যায়ে পৌঁছালেও শ্রমিক আন্দোলন ও আলোচনা কমিটির সদস্যদের আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে তা স্থগিত হয়ে যায়।
পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও এ নিয়ে আলোচনা শুরু হয়। গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই হলো।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিই এনসিটির কার্যক্রম পরিচালনা করবে।
চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি প্রধান টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments