
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে নিয়ে গঠিত স্মলক্যাপ প্লাটফর্মে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। নতুন কোম্পানি এ মার্কেটে তালিকাভুক্ত করা হলেও বিনিয়োগকারীদের কোন আগ্রহ তৈরি হচ্ছে না। যে কারণে বিদ্যমান শেয়ারহোল্ডাররা হাতে থাকা শেয়ার নিয়ে পড়েছেন বিপাকে।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সদ্য তালিকাভুক্ত নতুন ৪ কোম্পানি হলো: মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ, মাস্টার এগ্রো, অরিজা এগ্রো এবং কৃষিবিদ ফিড লিমিটেড। সদ্য তালিকাভুক্ত হওয়া এসব কোম্পানির মধ্যে মোস্তফা মেটাল ও মাস্টার এগ্রো’র শেয়ার দর ফেসভ্যালুর কাছাকাছি অবস্থান করছে। এছাড়া ফেসভ্যালুর নিচে নেমে এসেছে অরিজা এগ্রো এবং কৃষিবিদ ফিডের শেয়ার দর। জানা যায়, মোস্তাফা মেটালের শেয়ার দর ১১ টাকা এবং মাস্টার এগ্রোর শেয়ার দর ১০ টাকায় লেনদেন হচ্ছে। এছাড়া অরিজা এগ্রোর শেয়ার দর ৯.৩০ টাকা এবং কৃষিবিদ ফিডের শেয়ার দর ৮.৭০ টাকায় লেনদেন হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সব বিনিয়োগকারীরাই মূল মার্কেটে শেয়ার লেনদেন করে অভ্যস্ত। এখানে ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেক বেশি হওয়ায় লেনদেন করেও স্বাচ্ছন্দ্যবোধ করা যায়। কিন্তু স্মলক্যাপ মূলত ইলিজিবল ইনভেস্টরদের জন্য তৈরি হওয়াতে এখানে যে কেউ শেয়ার ক্রয়ের জন্য অনেক হিসেব-নিকেশ করে। যেহেতু স্মল ক্যাপের কোম্পানি মানেই অনেক উচ্চ ঝুঁকি। মূল মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘাড়ে যেভাবে শেয়ার চাপিয়ে দেওয়া যায় এখানে সেই সুযোগ নেই। সবচেয়ে বড় বিষয় স্মল ক্যাপ মার্কেটটি নতুন। ইলিজিবল ইনভেস্টরদের অভ্যস্ত হতে সময় প্রয়োজন বলে মনে করেন তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments