
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তামিম ইকবালকে টপকে দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নামার আগে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দৌড়ে ছিলেন মুশফিক ও তামিম। তবে এই মাইলফলক স্পর্শ করার পথে রানের হিসাবে এগিয়ে ছিলেন মুশফিক।
তার প্রয়োজন ছিল ৬৮ রান। অপরদিকে তামিমকে করতে হতো ১৫২ রান। তবে ওপেনার তামিম নিজের ব্যাটিং পজিশনের সুযোগ নিয়ে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পথে দারুণভাবেই এগোচ্ছিলেন।
দুর্ভাগ্যজনকভাবে হাতে ক্র্যাম্প করায় মাইলফলক স্পর্শ করার ১৯ রান আগেই অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হোন বাঁ হাতি এই ওপেনার। ফলে তখন তামিমকে টপকে পাঁচে নামা মুশফিকের সামনে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করার সুযোগ চলে আসে।
মুশফিকও সেই সুযোগটি নিতে কোনো ভুল করেননি। তৃতীয় দিন অর্ধশতক পূর্ণ করে ৫৩ রানে অপরাজিত থাকেন। চতুর্থ দিন সকালে মাত্র ১৫ রানের অপেক্ষা ছিল তার। এই রানের জন্য তাড়াহুড়ো না করে দেখেশুনে খেলতে থাকেন মুশফিক। সকালের সেশনে ৪৮ বলে করেছেন কাঙ্খিত সেই ১৫ রান। শেষ পর্যন্ত আসিথা ফার্নান্দোর বলে পিছে বল ঠেলে দিয়ে ২ রান নিয়ে মাইলফলকে পৌঁছে যান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments