
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কলকাতা সেন্ট্রাল জেলখানায় দাঙ্গা লেগেছে।দমদম সেন্ট্রাল জেলের একটা বড় অংশের দখল নিয়ে নিয়েছেন বন্দিরা। জেলের ভিতরে আগুন লাগানোর পাশাপাশি মই এনে সীমানা প্রাচীর টপকানোর চেষ্টা করছেন কোনও কোনও বন্দি। -এনডিটিভি, আনন্দবাজার
শনিবার দমদম সেন্ট্রাল জেলে দেখা দিল ব্যাপক গোলমাল। করোনার কারণে পরিজনদের সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় জেল কর্তৃপক্ষের সঙ্গে আসামিদের বচসা দেখা দেয়। আর সেখান থেকেই শুরু হয় বিক্ষোভ। সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন বন্দিদের একাংশ জেলের ভিতরে আগুন লাগিয়ে দেয় এবং কয়েকজন বন্দি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করে। জেল কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ চলাকালীন অনেক বন্দি তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের কয়েকজন প্যারোলে নিজেদের মুক্তি দাবি করেছিল। আসামিদের কয়েকজনের অভিযোগ, জেলরক্ষীরা তাদের ওপর গুলি চালিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকলের ইঞ্জিন। এছাড়াও বিক্ষোভ সামাল দিতে আসে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার ফলে আহত হয়েছে বহু আসামি। তবে বিক্ষোভ চলাকালীন গুলিতে একজন জখম ও একজন বিচারাধীন আসামির মৃত্যু হয়েছে। আপাতত আসামিদের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টায় বন্দিদের সঙ্গে বৈঠক করছেন জেল কর্তৃপক্ষ।





























Recent Comments