ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচের ৬টিতেই হেরেছে তারা। শেষ ৫ ম্যাচের ২টিতে হার। গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে হারের পর কঠোর সমালোচনা চলছে কোচ এরিক টেন হাগের। আজ ওল্ড ট্র্যাফোর্ডে চেলসির বিপক্ষে জিততে না পারলে ডাচ এ কোচের ছাঁটাইয়ের দাবি উঠতে পারে।

অবশ্য এরই মধ্যে টেন হাগের সঙ্গে লেগে গেছে গণমাধ্যমকর্মীদের। নিউক্যাসলের বিপক্ষে হারের পর বেশ কয়েকটি গণমাধ্যমে লেখা হয়, কোচ এরিক টেন হাগের ওপর থেকে আস্থা হারাচ্ছেন ম্যানইউর খেলোয়াড়রা। এসব লেখার জেরে স্কাই স্পোর্টস, ডেইলি মিরর, ইএসপিএনসহ বেশ ক’জন প্রখ্যাত সাংবাদিককে চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে যোগ দিতে দেওয়া হয়নি।
শুধু তাই নয়, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তারা ম্যানইউর কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন না। ম্যানইউর কমিউনিকেশন্স বিভাগের পরিচালক এন্ড্রু ওয়ার্ড আরও নিশ্চিত করেছেন, ম্যানইউ সম্পর্কে বানোয়াট সংবাদ প্রকাশ করায় বেশ ক’টি গণমাধ্যমের বিপক্ষে তারা ব্যবস্থা নিতে যাচ্ছেন। গণমাধ্যমের সঙ্গে এ ঝামেলা নিশ্চিতভাবেই ম্যানইউকে আরও বেকায়দায় ফেলবে।
অবশ্য চেলসির অবস্থাও খুব একটা ভালো না। ম্যানইউর চেয়ে এক ম্যাচ কম হারলেও পয়েন্ট টেবিলে দশম স্থানে তারা। রেড ডেভিলসরা আছে সপ্তম স্থানে। চেলসির জন্য অনুপ্রেরণা হলো শেষ ম্যাচে তারা ব্রাইটনের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে। সে সঙ্গে অধিনায়ক রিসে জেমস ও মার্ক কোকোরেলা চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন।
তবে আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় তারকা মিডফিল্ডার কনোর গালাহারকে পাবেন না ব্লুজ বস পচেত্তিনো। চোট সমস্যা বরং ম্যানইউর বেশি। ক্যাসেমিরো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান এরিকসেনসহ সেরা একাদশের ছয়জন চোটের কারণে মাঠের বাইরে।
চেলসি থেকে গত জুনে ৬০ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে আসা ম্যাসন মাউন্ট অবশ্য ফিট হয়ে উঠেছেন। সাবেক ক্লাবের বিপক্ষে নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবেন তিনি। তবে অনেক কিছুই নির্ভর করছে মার্কাস রাশফোর্ডের ওপর। গত কয়েকটি ম্যাচের মতো আজও তিনি যদি নিষ্প্রভ থাকেন, তাহলে রেড ডেভিলসদের ভুগতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments