ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে মারুফের বোলিং তোপে পড়েছে ভারত। টাইগার যুবা এই পেসারের ফাইফারেও নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে ভারত। এমন পুঁজি পেতে বড় ভূমিকা রেখেছেন ৭৬ রান করা আদর্শ সিং এবং ৬৪ রানের ইনিংস খেলা উদয় সাহারান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৫২ রান।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ভারতের দুেই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে। দলীয় ৩১ রানে মুশির খানকেও ৩ রানে ফেরান এই বাঁহাতি পেসার।
এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে দাঁড়ান আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। ১১৬ রানের জুটি গড়েন তারা। আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ভারতের কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে আরাভেলি অবিনাশের ১৭ বলে ২৩ ও শচীন দাসের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ভারত।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন পাঁচটি উইকেট। একটি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক রাব্বি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments