ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এখন শুধু পর্দার নায়ক নন, তিনি বাস্তব জীবনেরও ‘নায়ক’—তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। রাজনীতিতে পা রেখেই বাজিমাত করেছেন তিনি।
বিজয়ের এই ঐতিহাসিক রাজনৈতিক সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বরলক্ষ্মী শরৎকুমার। সম্প্রতি এই দুই তারকার সাক্ষাৎ ঘটে। সেই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বরলক্ষ্মী জানালেন, বিজয়ের এই রাজনৈতিক উত্থান নিয়ে বহু বছর আগেই তিনি এক দারুণ ভবিষ্যদ্বাণী করেছিলেন!
২০১৮ সালের ব্লকবাস্টার ‘সরকার’ সিনেমায় বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বরলক্ষ্মী। এ আর মুরুগাদোসের পরিচালনায় সেই ছবিতে বিজয়ের বিপরীতে এক তুখোড় খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বরলক্ষ্মী জানান, সেই সিনেমার শুটিং চলাকালীনই তিনি বুঝতে পেরেছিলেন, বিজয়ের আসল গন্তব্য আসলে রাজনীতি!
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বরলক্ষ্মী বলেছেন, ‘আমাদের সাম্প্রতিক সাক্ষাতে আমরা ‘সরকার’ ছবির সেটের সেই পুরনো আলাপ নিয়ে অনেক হাসাহাসি করেছি। আমি তখনই জানতাম, রাজনীতিই ওনার আসল পথ।’
প্রথম চেষ্টাতেই বাজিমাত করে তামিলনাড়ুর মসনদে বসা বিজয়কে নিয়ে বরলক্ষ্মী তার পোস্টে লেখেন, ‘থালাপতি…!! লোকে ১০০ কথা বলতে পারে, কিন্তু দিনশেষে সি জোসেফ বিজয়ই আমাদের মুখ্যমন্ত্রী এবং তিনি এখানে রাজত্ব করতেই এসেছেন! সমালোচনা করা খুব সহজ, কিন্তু প্রথমবারেই মুখ্যমন্ত্রী হতে গেলে বুকভরা সাহস, জেদ আর জনগণের তুমুল ভালোবাসার প্রয়োজন হয়। আসুন আমরা এই চেয়ারটাকে সম্মান করি।’
সমালোচকদের একটু ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি আরও যোগ করেন, ‘কথার চেয়ে কাজ বড়। যারা সারাক্ষণ খুঁত ধরেন, সময় তাদের জবাব দিয়ে দেবে। আপাতত একটু ধৈর্য ধরুন এবং ওনাকে কাজ করার সুযোগ দিন।’
নিজেকে বিজয়ের ‘পাগলা ভক্ত’ দাবি করে এই অভিনেত্রী লেখেন, ‘আই লাভ ইউ স্যার! সবসময় আপনাকে ভালোবেসেছি, আর সারাজীবন আমি ‘বিজয় ভেরিয়ান’ (বিজয়ের ডাই-হার্ড ফ্যান) হয়েই থাকব।’
নিজের রাজনৈতিক দল টিভিকে নিয়ে নির্বাচনে ব্যাপক জয়ের পর, গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে জমকালোভাবে শপথ নেন সুপারস্টার বিজয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments