
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক ঋণে জর্জরিত ওষুধ ও রসায়ন খাতের নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিডিং আজ ৪ জুলাই বিকাল ৫টা থেকে শুরু হবে। আগামী ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত একটানা এ কোম্পানির বিডিং চলবে। একসময়ের বহু পুরাতন কোম্পানি হিসেবে খ্যাত নাভানা ফার্মার বর্তমান অবস্থা ব্যাপক ঋণের তলে নিমজ্জিত। কোম্পানিটির ঋণ তার পেইড আপ ক্যাপিটালের কয়েকগুণ ছাড়িয়ে গেছে।
কোম্পানির কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নাভানা ফার্মার স্বল্প ও দীর্ঘ মেয়াদি ঋণের পরিমাণ দাড়িয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। অন্যদিকে কোম্পানিটি আইপিও’র ঠিক আগের বছর বিপুল পরিমাণ বোনাস শেয়ার দিয়ে পরিশোধিত মূলধন বানিয়েছে ৮০ কোটি ২৩ লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ কোম্পানিটির পরিশোধিত মূলধনের তুলনায় লোনের পরিমান কয়েকগুণ বেশি যা বিনিয়োগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২৬তম কমিশনের সভা নাভানা ফার্মার বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বুক বিল্ডিং পদ্ধতির আওতায় কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটি প্রথমে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রি করবে। যে দামে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত শেয়ার বিক্রি শেষ হবে, সেটি হবে এই শেয়ারের কাট-অফ প্রাইস। আর আইপিওতে এই কাট-অফ প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। এর পর সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য আলাদা সময়সূচি ঘোষণা করবে।
নাভানা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।
আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিএসইসির দেওয়া শর্ত, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.নি

































Recent Comments