ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, কৃষিভিত্তিক বাংলাদেশে স্বাবলম্বনের ভিত্তি কৃষি। এ দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষিনির্ভর। অর্থনৈতিক উন্নতি ও অগ্রসরতার জন্য আমাদের শক্তিশালী কৃষি বাণিজ্যিকীকরণ জরুরি। কারণ, কৃষির উন্নতি হলে তা শহর ও গ্রামীণ জনগণের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখে। গতকাল শুক্রবার (৫ মে) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও গ্রামীণ উন্নয়ন: প্রাক-বাজেট বিশ্লেষণ ২০২৩-২৪’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কৃষিতে সরকারের বিভিন্ন সহায়তা ও সুফলকে কাজে লাগিয়ে দেশের অনেক শিক্ষিত বেকার আজ স্বাবলম্বী, প্রতিষ্ঠিত ও সফল।‘ মন্ত্রী বেকারত্ব দূর করতে চাকরির পিছনে না ছুটে কৃষি ও মৎস্য উৎপাদনে তরুণ প্রজন্মকে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কৃষিতে ভুর্তকি বিনিয়োগও বটে। রাজস্ব আদায়ের মাধ্যমে আহরিত টাকাই ভুর্তকি দেওয়া হয়। প্রকৃত কৃষকই যেন সে ভুর্তকি পায়, তা নিশ্চিত করতে হবে।
কৃষি বাণিজ্যিকীকরণ ও কৃষিপণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, কৃষি শুধু আমাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সাহায্য করছে, তাই নয়; করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় আমাদের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণ কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বিশেষভাবে প্রয়োজন। বর্তমান সরকারের আধুনিক ও লাগসই কৃষি ব্যবস্থা গ্রহণের কারণে উৎপাদন বাড়ছে, শস্য নিবিড়তা বাড়ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments