ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে। এদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় নির্ধারণ করেছেন। উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনের তারিখ নির্ধারণ হলেও এখনো জাদুঘরের প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। গত ২৯ জানুয়ারি জাদুঘরের ৯৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পাঁচ মাস পেরিয়ে গেলেও নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। স্থায়ী নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।Geographic
গণভবনে প্রতিষ্ঠিত এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।
উল্লেখ্য, জাদুঘরটি উদ্বোধনের ঘোষণা এর আগেও একাধিকবার দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘরটি পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। পরে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। এবার নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বুধবার জাদুঘরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments