
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক ম্যাচ পরাজয়ে খাদের কিনারায় দলটি। বিশেষ করে টি-টোয়েন্টি ও টেস্টে যেন বড্ড অচেনা টাইগাররা। যার সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই দুই ফরম্যাটে হোয়াইটওয়াশের লজ্জাবরণ।
মূলত এই সংকটের শুরু বিগত দুই বছর ধরে। প্রথমে মাশরাফি বিন মর্তুজার অঘোষিত অবসর, এরপর তামিম ইকবালের ইনজুরি। এছাড়া অধিকাংশ সময় ইনজুরি কিংবা পারিবারিক কারণে দলের সঙ্গে থাকছেন না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এর বাইরে টেস্ট দল থেকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের অবসর। সবমিলিয়ে জাতীয় দলে এখন অধিকাংশই তরুণ ও নতুন খেলোয়াড়। তারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না।
সেটিরই যেন কারণ দেখালেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। গতকাল (৮ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে আসেন তিনি। এক প্রশ্নের জবাবে মুমিনুল আকুতি জানিয়ে বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। নতুনদের গুছিয়ে ওঠার জন্য আরেকটু সময় দিন।’
ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা জাতীয় দলে এসে বারবার ব্যর্থ হচ্ছেন। কেন এমনটা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যর্থ ওরকমভাবে কেউ নেই। আসলে আপনারা কার কথা বলছেন বুঝতে পারছি না। আন্তর্জাতিক ক্রিকেট তো সহজ না, আমাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে এর অনেক পার্থক্য।’
যারা আছে তাদের একটু সময় দেওয়ার আহ্বান জানিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘দয়া করে আপনারা একটু ধৈর্য ধরুন। যারা নতুন এসেছে তাদের সাপোর্ট করুন, সময় দিতে হবে।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.




























Recent Comments