ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুশফিকুর রহিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোর সাড়ে তিন বছর পেরিয়ে গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে অবসরে গিয়েছিলেন তিনি। ওয়ানডে থেকে অবসর নেন গত বছরের মার্চে। মুশফিক জানিয়েছেন, ৫০ ওভারের ফরম্যাটে ফেরার প্রস্তাব তিনি পেয়েছিলেন।
প্রস্তাব পেয়েও মুশফিক ফেরেননি। কেন? সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মুশফিক মনে করেন, মেহেদী হাসান মিরাজ বাহিনী এখন এমন একটা অবস্থায় আছে যে, তার সার্ভিস দরকার পড়বে না।
মুশফিক বলেন, ‘আর ওয়ানডে ক্রিকেট নিয়ে যেটা বললেন…। হ্যাঁ, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। আমি মনে করি বাংলাদেশ টিম এখন ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে আছে এবং ভবিষ্যতেও যাবে, ইনশাল্লাহ আমার সার্ভিস ওরকম দরকার হবে না।’
মুশফিকের ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে করেন ৭৭৯৫ রান। গত বছর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মুশফিক অবসরের ঘোষণা দেন।
শুকরিয়া জানিয়ে অবসরের ঘোষণায় তিনি বলেছিলেন, ‘সব কিছুর জন্য শুকরিয়া। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যখনই দেশের জন্য মাঠে পা রেখেছি, সততার সঙ্গে নিজের শতভাগ উৎসর্গ করেছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments