
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফুটবল খেলায় প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাচ্ছেন রংপুর সদর উপজেলার চার নারী ফুটবলার ও লিয়ন প্রধান (১৭)। এই কৃতী খেলোয়াড়রা আগামী মে মাসে দুই মাসের প্রশিক্ষণে অংশ নিতে ব্রাজিল যাবেন। গত ৪ এপ্রিল ক্রীড়া পরিদফতর থেকে খেলোয়াড়দের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিভাবান ৪০ খেলোয়াড়ের বিকেএসপিতে দুই মাসব্যাপী প্রশিক্ষণ থেকে ব্রাজিলে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য ১১ জনকে বাছাই করা হয়। এদের মধ্যে ফরোয়ার্ড পজিশনে খেলা পীরগঞ্জের লিয়ন প্রধান রয়েছেন। এই ১১ জনের পাশাপাশি আরও চার জন খেলোয়াড়কে অতিরিক্ত হিসেবে বাছাই করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য এসব খেলোয়াড়রা মে মাসে ব্রাজিলে যাবেন।
রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী ইউনিয়নের চার নারী ফুটবলার বিদেশে প্রশিক্ষণের জন্য মনোনীত হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত গ্রামবাসী। নারী ফুটবলের গ্রামখ্যাত এই ইউনিয়নের বাসিন্দারা বলছেন, সদ্যপুস্কুরিনীর মেয়েরা ফুটবলে দিন দিন এগিয়ে যাচ্ছে। অতীতেও অনেক সাফল্য নিয়ে এসেছে। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব বাংলাদেশ নারী লিগে খেলেছে। প্রশিক্ষণের সুযোগ পাওয়ার বিষয়টিও আরেকটি বড় সাফল্য।
রংপুরের নারী ফুটবলার শিলা আক্তারের বাবা গুলজার হোসেন ভীষণ আনন্দিত। অশ্রুসিক্ত চোখে বলেন, আমার মেয়ে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্পে জায়গা পেয়েছে। এটা তো আমাদের জন্য অনেক বড় অর্জন| আমি যে কী খুশি, তা বলে বোঝাতে পারব না।
আরেক অভিভাবক রাজ্জাক আলি বলেন, মুই বিশ্বাস করব্যার পারোছো না, মোর বেটি ঢাকাত খেলবার গেইছে। ফির স্যাটে থাকি বিদেশোতও যাবার সুযোগ পাইছে। গ্রামোত ক্লাব না থাকলে এত কিছু হইল না হয়।’ স্হানীয়রা বলছেন, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব আরিফের পৃষ্ঠপোষকতায় দুই নারী ফুটবলার নাছরিন আক্তার ও রুমি আক্তারকে লিগামেন্ট অপারেশন (পায়ের অস্ত্রোপচার) করিয়ে খেলোয়াড় জীবন পুনরায় ফিরিয়ে দিয়েছেন। এখন সেই নাছরিনসহ চার ফুটবলার ব্রাজিলে যাওয়ার অপেক্ষায়।
সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফুটবল প্রশিক্ষক মিলন মিয়া বলেন, আমাদের সফলতা দিন দিন বেড়ে চলেছে। আমাদের লক্ষ্য এই ক্লাবের মাধ্যমে দেশে ভালোমানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখা।
জেলার পীরগঞ্জ ফুটবল একাডেমির লিয়ন প্রধান আগামী মে মাসে দুই মাসের প্রশিক্ষণে অংশ নিতে ব্রাজিল যাবেন। তিনি পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা দিনমজুর রফিকুল ইসলাম ও মা খাদিজা বেগম। পীরগঞ্জ পৌর এলাকার ধনশালা গ্রামে থাকেন লিয়নের পরিবার।
দিনমজুর বাবা রফিকুল ইসলাম বলেন, থাকার জায়গাটুকু ছাড়া আমার আর কোনো জমিজমা নেই। সংসারের খরচ চালাতে অন্যের জমিতে কাজ করি। আমার দুই ছেলে-মেয়ে। তাদের কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। ছেলেটা একটা বাইসাইকেল কিনে চেয়েছিল। কিন্তু অভাবের কারণে পারিনি। পায়ে হেঁটেই স্কুলে যাওয়া-আসা করছে। ওর লেখাপড়ার খরচ কষ্ট করে চালাচ্ছি। অভাবের সংসারে বেড়ে ওঠা এই ছেলে ফুটবল খেলার জন্য বিদেশে ব্রাজিল যাচ্ছে। এটা শোনার পর আনন্দে আমার বুক ভরে গেছে। পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মাহমুদুল হাসান সোহেল বলেন, লিয়ন ফরোয়ার্ড পজিশনে দুর্দান্ত। উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাচ্ছে শুনে বেশ ভালো লাগছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments