ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্জ্য দূষিত করছে পানি ও পরিবেশ। তাই বর্জ্যকে বিকল্প পন্থায় ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকার আমিন বাজারে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের (ভস্মীকরণ কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২০ জুলাই। আগামী ২০২৫ সালের অক্টোবরে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, ঢাকাসহ সারাদেশে দৈনিক প্রায় ২০ থেকে ২২ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। এসব বর্জ্য পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। শুরুতে ৪৮ মেগাওয়াট, পর্যায়ক্রমে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা ছিল তখন। তবে নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ সব সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে অনেকবার বৈঠক করা হয়েছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসব বৈঠকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সব সিটিতেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments