ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথে নতুন করে আলোচনায় এসেছে শিরোপার হিসাব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জয়ের পর মেসির আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টি। অন্যদিকে আল নাসরের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জেতা রোনালদোর ট্রফি এখন ৩৮টি। অর্থাৎ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুই মহাতারকার শিরোপার ব্যবধান ১০টি।
আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক সাফল্য মেসির ট্রফি সংগ্রহকে বড়ভাবে সমৃদ্ধ করেছে। ২০২১ সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক শিরোপার অপেক্ষা ঘোচান তিনি। এরপর ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয় করেন। এর সঙ্গে রয়েছে ২০২২ সালের ফিনালিসিমা, ২০০৮ অলিম্পিক ও ২০০৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা।
ক্লাব ফুটবলেও মেসির সাফল্যের তালিকা দীর্ঘ। বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। পিএসজির হয়ে যোগ হয়েছে আরও তিনটি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি ট্রফি জিতেছেন তিনি-২০২৩ সালের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড, ২০২৫ সালের এমএলএস কাপ এবং সর্বশেষ ২০২৬ সালের ক্যাম্পেওনেস কাপ।
তবে মেসির মোট শিরোপা নিয়ে কিছু ক্ষেত্রে ৪৯টির হিসাবও দেখা যায়। এর কারণ ২০২৫ সালের ইস্টার্ন কনফারেন্স শিরোপা গণনা নিয়ে মতভেদ। কেউ এটিকে দলীয় ট্রফির তালিকায় যুক্ত করেন, আবার কেউ করেন না। কারণ কনফারেন্স চ্যাম্পিয়ন হওয়া এবং এমএলএস কাপ জেতা আলাদা অর্জন। ২০২৫ সালে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স জয়ের পাশাপাশি এমএলএস কাপও জিতেছিল।
অন্যদিকে, রোনালদোর শিরোপা জয়ের পথটি কিছুটা ভিন্ন। ২০২৩ সালে ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা। সেখানে গোলের ধারাবাহিকতা ধরে রাখলেও দলীয় শিরোপার হিসাবে সময়টা মেসির মতো সমৃদ্ধ হয়নি। আল নাসরের হয়ে তার ট্রফির তালিকায় রয়েছে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫-২৬ মৌসুমের সৌদি প্রো লিগ।
ইউরোপে রোনালদোর ক্যারিয়ারে অবশ্য রয়েছে অসংখ্য সাফল্য। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি, রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি এবং জুভেন্টাসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে একটি ট্রফির পাশাপাশি পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো ২০১৬ এবং দুটি নেশন্স লিগের শিরোপা।
আনুষ্ঠানিক শিরোপার হিসাবে মেসির সংগ্রহ এখন ৪৮টি। তার পরেই ৪৩টি শিরোপা নিয়ে রয়েছেন দানি আলভেস। আর রোনালদোর ঝুলিতে রয়েছে ৩৮টি ট্রফি। ফলে ব্যক্তিগত পুরস্কার, গোল ও বিভিন্ন রেকর্ডের পাশাপাশি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুই তারকার শিরোপার ব্যবধানও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
মেসির ৪৮ শিরোপা
বার্সেলোনা-৩৫: লা লিগা ১০, কোপা দেল রে ৭, স্প্যানিশ সুপার কাপ ৮, চ্যাম্পিয়নস লিগ ৪, ইউরোপিয়ান সুপার কাপ ৩, ক্লাব বিশ্বকাপ ৩।
পিএসজি-৩: ফরাসি লিগ ২, ফরাসি সুপার কাপ ১।
ইন্টার মায়ামি-৪: লিগস কাপ ২০২৩, সাপোর্টার্স শিল্ড ২০২৪, এমএলএস কাপ ২০২৫, ক্যাম্পেওনেস কাপ ২০২৬।
আর্জেন্টিনা-৬: বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২, অলিম্পিক ২০০৮, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০০৫।
রোনালদোর ৩৮ শিরোপা
স্পোর্টিং লিসবন-১: পর্তুগিজ সুপার কাপ ১।
ম্যানচেস্টার ইউনাইটেড-১০: প্রিমিয়ার লিগ ৩, চ্যাম্পিয়নস লিগ ১, ক্লাব বিশ্বকাপ ১, এফএ কাপ ১, কমিউনিটি শিল্ড ২, লিগ কাপ ২।
রিয়াল মাদ্রিদ-১৬: চ্যাম্পিয়নস লিগ ৪, লা লিগা ২, কোপা দেল রে ২, ক্লাব বিশ্বকাপ ৩, ইউরোপিয়ান সুপার কাপ ৩, স্প্যানিশ সুপার কাপ ২।
জুভেন্টাস-৫: সিরি আ ২, কোপা ইতালিয়া ১, ইতালিয়ান সুপার কাপ ২।
আল নাসর-২: আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৩, সৌদি প্রো লিগ ২০২৫-২৬।
পর্তুগাল-৩: ইউরো ২০১৬, নেশন্স লিগ ২০১৯ ও ২০২৫।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments