ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর চূড়ান্ত আয়োজন এবার বসছে যুক্তরাজ্যের লন্ডনে। আগামী ২৬ অক্টোবর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হবে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর পুরস্কার।
প্রতিবছর সাধারণত ফ্রান্সের প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠান হলেও এবার আয়োজক শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে লন্ডনকে। ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।
ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুরুষ ও নারী বিভাগের চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশীদের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
আগামী ২৬ অক্টোবর লন্ডনের একটি ঐতিহ্যবাহী মিলনায়তনে স্থানীয় সময় রাত ৮টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
ব্যালন ডি’অর নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক ও ফুটবল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেল ভোট দেবে। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য, মাঠের আচরণ এবং ফেয়ার প্লেকে বিবেচনায় নিয়ে ভোট অনুষ্ঠিত হবে।
ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে থাকছে বাড়তি আকর্ষণ। পুরুষ ও নারী বিভাগের সেরা খেলোয়াড়ের পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা কোচ এবং সেরা ক্লাবকেও পুরস্কৃত করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments