ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রকৃতিতে এখন শীতের রেশ। উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করেছে, তবে পৌষ মাস শুরু হতে এখনো কিছু দিন বাকি। তবুও সূর্যাস্তের পর ঢাকার নানা জায়গায় বাহারি পিঠার ধোঁয়া ওঠা শুরু হয়েছে, এ যেন শীত আসার আগমনী বার্তা। রাজধানীজুড়ে এখন গরম পিঠার ম-ম গন্ধ ভেসে আসছে বাতাসে।
গ্রামবাংলার উঠানে পিঠার ধোঁয়া আর ঐতিহ্যগত আয়োজন শহরের ব্যস্ত জীবনে খুব একটা দেখা না গেলেও, শহুরে মানুষের শীতকালীন পিঠার প্রতি ভালোবাসা কমেনি একটুও। সময়ের সঙ্গে বদলেছে জীবনযাত্রা, তবে শহরের শীতে পিঠার প্রতি বাঙালির ঐতিহ্যবোধ এখনও অটুট।
রাজধানীর অধিকাংশ মোড় ও ফুটপাথে পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। কেউ ভ্যানের ওপর চুলা বসিয়ে, কেউবা রাস্তার পাশে অস্থায়ী পিঠার দোকান বসিয়েছেন। পিঠার মধ্যে চিতই, ভাপা, পুলি, ছিটা পিঠার চাহিদাই সবচেয়ে বেশি। আর দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।
বেশিরভাগ দোকানেই একাধিক স্বাদের ভর্তা দিয়ে সবচেয়ে বেশি চলে চিতই পিঠা। সরিষা, ধনিয়া পাতা আর শুটকির ভর্তায় রসনার স্বাদ নিতে ব্যস্ত ভোজন রসিকরা। গুড় নারিকেল আর চালের আটা দিয়ে তৈরি ভাপা পিঠারও আবেদন কম নয়। দোকানে বসে খাওয়ার পাশাপাশি অনেকে বাসায়ও নিয়ে যাচ্ছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments