ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক এবং পরিচালকের পক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি উপলক্ষে সারাদেশে ইবাদত-বন্দেগি, নামাজ ও জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতের আয়োজন থাকবে। এসব ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে প্রয়োজনীয় সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগেই স্কেলিটন ফোর্স রাখা হবে।
নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানে হামলা, নাশকতা কিংবা অন্য কোনো অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রমসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও প্রশিক্ষিত কুকুরের দলকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর বা উসকানিমূলক পোস্ট, মন্তব্য ও ছবি শনাক্তে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।
র্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সবার সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবীর সব আয়োজন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে র্যাব।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments