
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বালুভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দি করে রাখার বীভৎস দৃশ্য তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ্য করতে পারেনি।তিনি বলেন, ওই ঘটনায় আরাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে অনেক দুঃসময়ে চলে গেছেন। তিনি দেশের বাইরে মালয়েশিয়ায় ছিলেন। সেখানে বসে তিনি এসব দেখে এতটা ব্যথিত হয়েছিলেন যে, পৃথিবীর মাঝে আর বেঁচে থাকতে পারেননি।
আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরের পাঁচটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গত ১২ বছর যাবৎ জাতীয়বাদী শক্তিকে দমন পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আজকে অঙ্গীকার করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ আবার তাদের হারানো দিক ফিরে পাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
























Recent Comments