
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নির্ধারিত সময়ের প্রায় সাড়ে আট মাস পর শুরু হয়েছে এ বছরের এসএসসি পরীক্ষা। আজ রোববার সকালে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এবার ৫টি জেলার ২০৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ১২২ জন।
মহামারি করোনার কারণে এবার পরীক্ষার সংখ্যা, নম্বর ও সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এ বছর শুধু বিভাগভিত্তিক বিষয়গুলোর ওপর পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একজন পরীক্ষার্থী মোট তিনটি পরীক্ষা দেবে।
এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১২২। তাদের মধ্যে ছাত্র ৭৫ হাজার ২৫৩ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৮৬৯ জন। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩১ হাজার ৭৩ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ২৪৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮০৩ জন।
সকালে চট্টগ্রাম নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে এসেছে। প্রায় সবার মুখে মাস্ক ছিল। বিদ্যালয়ের প্রবেশ ফটকে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে ছিলেন অফিস সহকারীরা। দূরত্ব বজায় রাখার জন্য পরীক্ষাকক্ষে ‘জেড’ আকৃতির আসন ব্যবস্থা করা হয়। অর্থাৎ প্রতি আসনে একজন করে পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।
আজ সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলী জানান, করোনা মহামারির সময় পরীক্ষাকেন্দ্রগুলোতে যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে এবং শিক্ষার্থীদের কোনো মানসিক সমস্যা না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তাঁরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলোর ভেতরের পরিবেশ খুব ভালো। তবে বাইরে অভিভাবকদের অহেতুক জটলা রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.





























Recent Comments