ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সারের মধ্যে রয়েছে ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৬০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ১ লাখ ২০ হাজার টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ১ লাখ ১৫ হাজার টন মিউরিয়েট অব পটাশ (এমওপি)।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ‘এসএবিআইভি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ৪০ হাজার টন এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ৩০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
এ ছাড়া, সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে মরক্কোর ‘ওসিপি নিউট্রি-ক্রপস’ থেকে ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, জিটুজি পদ্ধতিতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ ছাড়া মরক্কো থেকে ৮০ হাজার টন এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments