ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ কয়েক মাসের নীরবতা, পর্দার আড়ালে বসবাস এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে আবির্ভূত হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বের সময়টুকু যে নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে গেছে তার নতুন করে ফিরে আসায়। তাতে আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছ থেকেই শুধু নয়; ভক্ত-অনুরাগীসহ সাধারণ মানুষের সমালোচনা থেকেও নিজেকে রক্ষা করেছেন তিনি।
যদিও কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। আগের মতো জনসমক্ষে তাকে আর দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও দেখা যায়নি প্রিমিয়ারে। এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচার অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল না বললেই চলে। বছরের শুরুতে বুবলী একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়তে থাকে।
ভক্তরা গত বছরের অক্টোবরের দিকে জানতে পারেন, মা হতে চলেছেন বুবলী।
তখন তাকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে তিনি বিষয়টি নিয়ে সেই সময় কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন।
অভিনেত্রী মা হওয়ার খবরটি শুক্রবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়ে দিয়েছেন। সেই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।
খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে এসেছে আরেকটি প্রশ্ন— কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন?
বছরের শুরুতে তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। যাদের সঙ্গে কাজ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বলেন, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন। কারণ এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।
আবার কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রমতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি।
জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে।
মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। করেছেন একাধিক সিনেমার শুটিং। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু এটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে।
বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হল ভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তার অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়।
তাই বিনোদন অঙ্গনের অনেকেই ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ, তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তখন কিছুই বলা হয়নি।
অবশেষে গেল শুক্রবার (৫ জুন) কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। খবরটি জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি সামনে আনলেন এই অভিনেত্রী।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments