ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা দুই দিন দুই শতাংশের বেশি কমার পর আবারও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজার সূচকের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের বাজারে নতুন করে অস্থিরতার পেছনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জোরদারের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের অর্থনৈতিক কার্যক্রম আরও চাপে ফেলতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এর ফলে ইরানের তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা কতটা প্রভাবিত হয়, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সম্ভাব্য বাধার আশঙ্কা বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তুলেছে।
বাজার পর্যবেক্ষণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধারণা, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ কমে যেতে পারে। এতে আগামী দিনগুলোতে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments