ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও পাঁচ কর্মকর্তার বেতন অবনমন করা হয়েছে। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বিএসইসি সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। এ ছাড়া অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম এবং উপপরিচালক নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান রয়েছেন এ তালিকায়।
এ ছাড়া সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা ও সমীর ঘোষকেও বাধ্যতামূলক অবসরের শাস্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন বিএসইসির পাঁচ কর্মকর্তা। তারা হলেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা ।
এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বাধ্যতামূলক অবসরের শাস্তি পাওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসইসি কেন বা কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, এমন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে কর্মকর্তা ও কমিশনের চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments