ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুতেই দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ। হারারেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ৯.৬ ওভারে স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছে মাত্র ২১ রানে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এ ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে।
ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। নাহিদ রানা ও রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
শুরুতেই স্বাগতিকদের ধাক্কা দেন শরীফুল ইসলাম। আগের ম্যাচে সেঞ্চুরি করা বেন কারেন দুর্ভাগ্যজনকভাবে আউট হন ষষ্ঠ ওভারে। শরীফুলের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও তা ধীরে ধীরে স্টাম্পের দিকে গড়িয়ে যায়। ব্যাট দিয়ে বল থামানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত স্টাম্পে আঘাত লাগা থেকে রক্ষা করতে পারেননি তিনি। এতে ভেঙে যায় বেইল এবং ১৩ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।
এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কারেনের বিদায়ের পরের ওভারেই আক্রমণে এসে সাফল্য পান তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ব্রায়ান বেনেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে রয়েছে স্বাগতিকরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments